
নিউজ ডেস্কঃ মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন দুইজন। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাটের ‘সীমানা’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিবচরের উপজেলার কুতুবপুর ইউনিয়নের করিম হাওলাদারকান্দি গ্রামের আয়নাল মাতুব্বরের ছেলে মিঠু মাতুব্বর (১৭) এবং একই গ্রামের মো. সোবাহান হাওলাদারের মেয়ে নুপুর আক্তার (২৪)।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে শরিয়তপুরের নাওডোবা বাজার থেকে ওষুধ নিয়ে মোটর সাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলো মিঠু ও নুপুর। শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাটের সীমানা নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মিঠুর মৃত্যু হয়। এ সময় আহত হয় অন্তত তিনজন। পরে গুরুতর আহত অবস্থায় নুপুরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় সে মারা যায়।মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অহিদুজ্জামান জানান, মাইক্রোবাস ও মাটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছে। এ ঘটনায় মাইক্রোবাস চালক আলমগীরকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।