News71.com
 Bangladesh
 28 Jul 20, 08:11 PM
 228           
 0
 28 Jul 20, 08:11 PM

বিভিন্ন জায়গায় বজ্রপাতে স্কুলছাত্রীসহ মৃত্যু ৫ জনের মৃত্যু॥

বিভিন্ন জায়গায় বজ্রপাতে স্কুলছাত্রীসহ মৃত্যু ৫ জনের মৃত্যু॥

 

নিউজ ডেস্কঃ বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতে স্কুলছাত্রী, পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ও কৃষকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এসব ঘটনা ঘটে। বগুড়া ধুনট উপজেলায় বজ্র বৃষ্টিপাতের মধ্যে জমিতে রোপা আমন ধান রোপণকালে বজ্রপাতে শুকুর আলী নামে এক কৃষক ও কোরবানির গরু মারা গেছে। একই ঘটনায় স্কুল শিক্ষক ও কৃষকসহ আরও তিনজন দগ্ধ আহত হন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার নসরতপুর ও রাঙ্গামটি দিদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি উপজেলা চৌকিবাড়ি ইউনিয়নের নসরতপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। এ ছাড়া দগ্ধ হন পেঁচিবাড়ি বিলকাজুলী উচ্চবিদ্যালয়ের শিক্ষক নসরতপুর গ্রামের আলী আফছার, কৃষক ফরহাদ হোসেন ও আবদুল মান্নান। এদিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটির দিদারপাড়া গ্রামের হামিদুল ইসলাম নামে এক কৃষকের একটি কোরবানির গরু মাঠে ঘাস খাওয়ানোর জন্য নেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই গরুর মৃত্যু হয়। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করেন ।

 

যশোর চৌগাছায় খালা বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে আশারন খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১টার পর বজ্রসহ বৃষ্টিপাতের সময় উপজেলার স্বরূপদাহ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আশারন ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। সে ওই গ্রামের স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। মাগুরা সদর উপজেলার রাজারামপুর গ্রামে পাট ক্ষেতে কাজ করার সময় গতকাল সোমবার বিকালে বজ্রপাতে রেজাউল ইসলাম হৃদয় (১৮) নামে মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্র নিহত হয়েছে। সে ওই গ্রামের টিপু বিশ্বাসের ছেলে। হাজরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান জানান, মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র রেজাউল ইসলাম হৃদয় বিকালে বাড়ির পাশের নিজেদের পাট ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত ঘটলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

 

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, সংবাদ পেয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। গাইবান্ধা ফুলছড়িতে বজ্রপাতে দুজন মারা গেছেন। উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ভাটিয়াপাড়া গ্রামের মৃত এনছাব আলীর ছেলে নুর মহাম্মদ (৪০) ও একই গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে লালচান মিয়া (১৮)। এ ব্যাপারে ওই ইউনিয়নের ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, ওই দুই ব্যক্তি বাড়ি সংলগ্ন জলাশয়ে বৃষ্টির সময় পাটের আঁশ ছাড়াচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে দুজনই পানিতে ডুবে যান। পরে গ্রামবাসীরা মৃত অবস্থায় জলাশয় থেকে তাদের লাশ উদ্ধার করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন