
নিউজ ডেস্কঃ করোনা মহামারি সময়ে হতদরিদ্র আদিবাসী জনগোষ্ঠী অর্থের অভাবে মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয় করতে পারছেন না। তাই ব্যতিক্রমী এক উদ্যোগের মাধ্যমে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আদিবাসী নারীরা নিজেদের ব্যবহারের জন্য মাস্ক নিজেরাই হাতে তৈরি করছেন এবং এলাকার অন্য মানুষদের মাঝেও তা বিতরণ করে চলেছেন। বেসরকারি সংগঠন জনউদ্যোগ, গাইবান্ধার আয়োজনে আজ শনিবার গোবিন্দগঞ্জ উপজেলার ভুতগাড়ী মিশন এলাকায় 'করোনা সাবধানতা ও আদিবাসীদের নিজস্ব উদ্যোগ' শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসীদের এই ব্যতিক্রমী উদ্যোগের কথা তুলে ধরা হয়। এছাড়া অনুষ্ঠানে করোনাকালীন সময়ে কি ধরণের সাবধনতা রক্ষা করে আদিবাসীরা চলবেন সে বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী নেত্রী আদরী মুর্মু, নয়নী কিস্কু, ফিলোমিনা সরেন, ইয়ুথ নেতা তেরেসা সরেন, বিদ্যুৎ সরেন, শিউলী কিস্কু, অবলম্বনের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহাবুবুল আলম মুকুল, দিপ্তী মুর্মু, মোস্তফা কামাল, শাবানা আকতার প্রমুখ ।