
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাসার খুরশীদ আলম। শনিবার ( ২৫ জুলাই) ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমরা যদি সৎ না হই তাহলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। দুর্নীতির কথা যদি বলেন, আমি বলবো দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙুল তুলি সেটা হবে সবচেয়ে বড় বোকামি। আমরা সবাই এই দুর্নীতির অংশ।’
নতুন মহাপরিচালক হিসেবে সামনে কী চ্যালেঞ্জ জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাস্থ্যে এখন যে অবস্থা এই মহামারির ক্ষেত্রে আমার যে সমস্যাগুলো ফেস করছি তা দূর করার চেষ্টা করবো। সামনে এখন এটাই বড় চ্যালেঞ্জ।’ একইসঙ্গে প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন সম্মান ও ইজ্জত নিয়ে তা শেষ করতে সবার কাছে দোয়া চানত তিনি। সেই সঙ্গে মহামারিতে সরকারের পাশে ইতিবাচকভাবে দাঁড়াতে সাংবাদিকদের প্রতিও আহ্বান জানান নতুন এই মহাপরিচালক। তিনি বলেন, ‘সরকারের সমালোচনা অবশ্যই করবেন, ভুলত্রুটি ধরিয়ে দেবেন। পাশাপাশি আমি বলবো, আমরা যদি কোনও ভালো কাজ করি তাহলে সেটাও তুলে ধরবেন।’