News71.com
 Bangladesh
 25 Jul 20, 08:49 PM
 304           
 0
 25 Jul 20, 08:49 PM

ওআইসি’র ইয়ুথ ক্যাপিটাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥  

ওআইসি’র ইয়ুথ ক্যাপিটাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥   

নিউজ ডেস্কঃ আগামী ২৭ জুলাই (সোমবার) বিকাল ৪টায় গণভবন থেকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২৫ জুলাই) ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ এর ইন্টারন্যাশনাল প্রোগ্রাম উদযাপন উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তরা এ কথা জানান। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের (আইসিওয়াইএফ) প্রেসিডেন্ট তাহা আইয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের রাজধানী ঢাকা এ বছর ওআইসি যুব রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে আন্তর্জাতিক এই স্বীকৃতি জাতি হিসেবে আমাদের গর্বিত করেছে। আগামী ২৭ জুলাই ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রায় সহস্রাধিক তরুণ এ আয়োজনে অংশগ্রহণ করতে অনলাইনে আবেদন করেছেন। এর মধ্যে ২৫০ জন যুবক আগামী ২৭ ও ২৮ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত রিসাইলিয়েন্ট ইয়ুথ লিডারশিপ সামিটে অংশগ্রহণ করবেন। তিনি বলেন, বছরব্যাপী বিস্তৃত ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ এ বিশ্বের ৭৫টি দেশের প্রায় ১২ শতাধিক তরুণ অংশগ্রহণ করতে অনলাইনে আবেদন করেছেন ।

তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল অনুষ্ঠানটি এবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করবেন। প্রধানমন্ত্রীর সার্বিক পৃষ্ঠপোষকতায় ঢাকা এ বছর ওআইসি যুব রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে। এতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা গত ১২ এপ্রিল ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আয়োজনের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সেই কর্মসূচি স্থগিত করতে বাধ্য হই। তবে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ভার্চ্যুয়াল প্লাটফর্মে নতুন আঙ্গিকে ওআইসি ক্যাপিটাল-২০২০-এর সব কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। আশা করছি, সবার সহযোগিতায় মুজিববর্ষে আমরা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এর সব কর্মসূচি বাস্তবায়ন করতে পারবো ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন