
নিউজ ডেস্কঃ শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলায় বন্যার পানিতে ডুবে শেরপুরে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন স্কুলছাত্রী, অন্যজন কাঠমিস্ত্রি। বৃহস্পতিবার (২৩ জুলাই) তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন শেরপুর সদরের খাসপাড়া এলাকার জমসেদ আলীর মেয়ে বন্যা ও শ্রীবরদী পৌরসভার তাঁতিহাটি নয়াপাড়ার আবু শামার ছেলে আলী আকবর। বন্যা চরশ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী আর আলী আকবর কাঠমিস্ত্রি ছিলেন। শেরপুরে এ নিয়ে গত চারদিনে বন্যার পানিতে ডুবে ও সাপের কামড়ে চারজনের মৃত্যু হলো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকজন বান্ধবীর সঙ্গে বিকেল ৪টার দিকে বাড়ি সংলগ্ন প্লাবিত এলাকায় কলার ভেলায় করে ঘুরছিল বন্যা। এ সময় হঠাৎ ভেলাটি উল্টে গেলে বন্যা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এদিকে শ্রীবরদী পৌর শহরের তাঁতিহাটি নয়াপাড়ার মিরকি বিল বন্যার পানিতে ভরে যাওয়ায় দুপুরে আলী আকবরসহ কয়েকজন যুবক সাঁতার কাটতে যান। এ সময় সবার অজান্তে বিলের পানিতে তলিয়ে আলী আকবরের মৃত্যু ঘটে। স্থানীয় পৌর কাউন্সিলর আনিছুর রহমান খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।