News71.com
 Bangladesh
 24 Jul 20, 10:40 AM
 206           
 0
 24 Jul 20, 10:40 AM

প্রকৌশলীকে মারধর॥ কচুয়া উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

প্রকৌশলীকে মারধর॥ কচুয়া উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

নিউজ ডেস্কঃ নুর আলম নামে শিক্ষা প্রকৌশল অধিদফতরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারধরের অভিযোগ ওঠার পর চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাজাহান শিশিরকে সাময়িক বরখাস্ত করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে তার স্থলে প্যানেল চেয়ারম্যান সুলতানা খানমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মেহেদী হাসান বলেছেন উপজেলা চেয়ারম্যানকে বরখাস্ত সংক্রান্ত একটি প্রজ্ঞাপন আমরা পেয়েছি। তার স্থলে প্যানেল চেয়ারম্য্যান-১ কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


উল্লেখ্য গত রোববার কচুয়া উপজেলার ‘শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ এর নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শনে গিয়ে প্রকৌশলী নূর আলম মারধরের শিকার হন। উপজেলা চেয়ারম্যান শাজাহান শিশির লোকজন নিয়ে তাকে মারধর করেছেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়া ঘটনার দিনই শাহজাহান শিশিরকে প্রধান আসামি করে কচুয়া থানায় মামলা দায়ের করেন নুর আলম। মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে- উপজেলা পরিষদ আইন অনুসারে সরকার জনস্বার্থে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাজাহান শিশিরকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন