
নিউজ ডেস্কঃ অবশেষে সিলেটের দিকভ্রান্ত বিদেশযাত্রীদের করোনা সনদ পাওয়ার পথ সুগম হলো। এতোদিন সিভিল সার্জন কার্যালয় থেকে ধর্ণা দিতে হয়েছে। অবশেষে পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেনের হস্তক্ষেপে সিলেটে বিদেশযাত্রীদের করোনা পরীক্ষা শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে সিলেট নগরের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহ শুরু হবে। ইতোমধ্যে বুধবার (২২ জুলাই) থেকে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। সিভিল সার্জন সূত্র জানায়, প্রথম দিনে বিদেশযাত্রীদের ১৬০ জন সিলেটের সিভিল সার্জন কার্যালয়ে ৩ হাজার ৫শ’ টাকা করে ফি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, রেজিস্ট্রেশন করা ১৬০ জন বিদেশযাত্রী বৃহস্পতিবার করোনার নমুনা দেবেন। পরদিন তাদের ফলাফল দেওয়া হবে। কমপক্ষে ৭২ ঘণ্টা পরে তারা ফলাফল পাবেন। তিনি বলেন, নির্ধারিত শিডিউল অনুযায়ী বিদেশযাত্রীদের নমুনা প্রদানের আগের দিন সিলেটের সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে নিবন্ধন করতে হবে। পরের দিন আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে গিয়ে নমুনা প্রদান করবেন।