
নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ দুপুরে টেলিফোন করে কিছু বিষয়ে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দুই নেতার মধ্যে ফোনালাপে বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক চায় পাকিস্তান বলে জানিয়েছেন ইমরান খান। বাংলাদেশের বার্তা সংস্থা জানিয়েছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ইমরান খান বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতির খবর জানতে চান। শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিমকে উদ্ধৃত করে জানায়, দুপুর একটা নাগাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ফোন করেন এবং জানতে চান যে ঠিক কীভাবে তাঁর সরকার করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা করছে ।
দুই প্রধানমন্ত্রীর মধ্যে ১৫ মিনিট ধরে চলা টেলিফোন আলোচনার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কভিড-১৯ রোগীদের চিকিৎসা এবং করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, সে সম্পর্কে ইমরান খানকে বিস্তারিতভাবে জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশে বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে শেখ হাসিনা সে সম্পর্কেও তাঁকে অবহিত করেন বলে জানিয়েছেন ইহসানুল করিম। অন্যদিকে, পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা দুই প্রধানমন্ত্রীর টেলিফোন আলোচনা সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে জানিয়ে একটি খবর প্রকাশ করেছে।