News71.com
 Bangladesh
 21 Jul 20, 12:51 PM
 310           
 0
 21 Jul 20, 12:51 PM

২০ কেজি গাঁজা ও ৩২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার॥

২০ কেজি গাঁজা ও ৩২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার॥

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। ২০ জুলাই (সোমবার) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে অংশ নেন এসআই মো. ফরিদ মিয়া, এএসআই মো. আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, আকরাম আলীসহ পুলিশের একটি টিম। এ সময় শহরের হবিগঞ্জ রোডের দেববাড়ি এলাকার কাছিম উল্লাহর মার্কেট ও বাসায় অভিযান চালিয়ে একই বিল্ডিং এর ২য় তলায় ভাড়া করা রুমের ভেতর থেকে স্বপন মিয়া (৩৮) কে গ্রেফতার করে পুলিশ।

এরপর পুলিশ স্বপন মিয়াকে সাথে নিয়ে বিল্ডিং এর বিভিন্ন রুমে এবং ছাদের উপর তল্লাশি চালিয়ে স্বপন মিয়ার দেখানো মতে একটি পানের বক্সের ভিতর থেকে লুকিয়ে রাখা অবস্থায় ২০ কেজি গাঁজা এবং ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জানা যায়, আটককৃত মাদক ব্যবসায়ী স্বপন মিয়া (৩৮) শ্রীমঙ্গল উপজেলার মাধবপাশা গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। সে শহরের দেববাড়ি এলাকার কাছিম উল্লাহর বাড়ির ভাড়াটিয়া। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও মাদকের ডিলার স্বপন মিয়া (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন