
নিউজ ডেস্কঃ অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত চার পরিবারকে ১৫ দিনের মধ্যে ৩০ লাখ টাকা করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। আপিল বিভাগের ভার্চুয়াল চেম্বার আদালতে সোমবার এ আবেদন করা হয়েছে। এর আগে ১৫ জুলাই বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ ক্ষতিপূরণের ওই আদেশ দিয়েছিলেন। এ বিষয়ে রিট আবেদনকারী আইনজীবী আইনজীবী নিয়াজ মুহাম্মদ মাহবুব বলেন, তারা (ইউনাইটেড) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে। আগামীকাল মঙ্গলবার চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে। হাইকোর্টে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক, ব্যারিস্টার হাসান এম এস আজিম, ব্যারিস্টার মুনতাসির আহমেদ ও রিটকারী নিয়াজ মুহাম্মদ মাহবুব। ইউনাইটেড হাসপাতালের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, মোস্তাফিজুর রহমান খান। ওইদিন নিয়াজ মাহবুব বলেছিলেন, গত ২৯ জুন আদালত সমঝোতা করতে বলেছিলো। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে চিঠি দেয়। সবাই যাওয়ার পরে তারা যে অর্থ দিতে চেয়েছিল এতে চার পরিবার রাজি হয়নি। শুধু মনিরুল হোসেনের পরিবার ২০ লাখ টাকায় সমঝোতা করে। আজ শুনানি শেষে আদালত ৪ পরিবারকে ৩০ লাখ টাকা করে ১৫ দিনের মধ্যে দিতে নির্দেশ দিয়েছেন।