
নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতির মধ্যে বাংলাদেশে থাকা বিদেশি নাগরিকদের মেয়াদোত্তীর্ণ ভিসা জরিমানা ছাড়া নবায়নের সুযোগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে রোববার (১৯ জুলাই) পাসপোর্ট ও বহিরাগমন অধিদফতরের মহাপরিচালক এবং পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিদেশি নাগরিক যাদের ভিসার মেয়াদ ২৬ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে অতিক্রম হয়েছে বা হবে তারা ২৬ ডিসেম্বর পর্যন্ত ভিসা ফি প্রদান সাপেক্ষে অতিবাস জরিমানা ছাড়া নবায়ন করতে পারবেন। তবে যেসব বিদেশির ভিসার মেয়াদ উত্তীর্ণের তারিখ ২৬ মার্চের আগে বা ২৬ সেপ্টেম্বরের পরে তারা এ সুবিধার অন্তর্ভুক্ত হবেন না। পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত তাদের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে ভিসা ফি, অতিবাস জরিমানা প্রদান প্রযোজ্য হবে।