
নিউজ ডেস্কঃ ২০২০-২১ নতুন অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এতে আলোচ্য অর্থবছরে মোট রাজস্ব ব্যয় ৬১৯ কোটি ৮৫ লাখ টাকা ধরা হয়েছে। এর মধ্যে শুধু ‘নগরীর বর্জ্য ব্যবস্থাপনা’ খাতে ১০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া ‘মশক নিয়ন্ত্রণ কার্যক্রম’ খাতে ৭০ কোটি টাকা ধরা হয়েছে।সোমবার (২০ জুলাই) মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে মিরপুর ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ডিএনসিসির দ্বিতীয় কর্পোরেশন সভায় এ বাজেট ঘোষণা করা হয়।অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২০২০-২০২১ অর্থবছরে ৪ হাজার ৫০৬ কোটি ৭৫ লাখ টাকার বাজেট অনুমোদিত হয়। একই সঙ্গে ২০১৯-২০২০ অর্থবছরের ২ হাজার ৬০৮ কোটি ৬০ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদিত হয়।বাজেটে নতুন ২০২০-২১ অর্থবছরে মোট রাজস্ব ব্যয় ৬১৯ কোটি ৮৫ লাখ টাকা ধরা হয়েছে। এর মধ্যে ‘মশক নিয়ন্ত্রণ কার্যক্রম’ খাতে ৭০ কোটি টাকা, ‘নগরীর বর্জ্য ব্যবস্থাপনা’ খাতে ১০০ কোটি টাকা ধরা হয়েছে। এছাড়া ২০২০-২০২১ অর্থবছরে ‘অন্যান্য ব্যয়’ ১৩ কোটি টাকা এবং ‘মোট উন্নয়ন বাজেট’ বাবদ ব্যয় ৩ হাজার ৬৬০ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ‘নিজস্ব উৎস ও সরকারি অনুদান’ থেকে ৫৯৯ কোটি ১৫ লাখ টাকা, ‘সরকারি বিশেষ অনুদান’ ৫০ কোটি টাকা, এবং ‘সরকারি ও বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্প’ বাস্তবায়ন বাবদ ৩ হাজার ১০ কোটি ৮৫ লক্ষ টাকা ধরা হয়েছে।