
নিউজ ডেস্কঃ ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে এক ব্যক্তির কোম্পানি ব্যবস্থার বিধান রেখে ‘কোম্পানি (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২০’এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সংশোধিত আইনে এক ব্যক্তির কোম্পানি নিবন্ধন ব্যবস্থাপনার সুযোগ দেয়া হয়েছে। শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে শেয়ার হোল্ডারধারী পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে শেয়ার হস্তান্তর করতে পারবেন।সোমবার (২০ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান।তিনি বলেন, সংশোধিত আইনে অনলাইনে যাতে রেজিস্ট্রেশন করা যায় সেটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এখনকার বিধান অনুযায়ী ১৪ দিনের নোটিশে বোর্ড মিটিং হয়, কিন্তু ইনভেস্টরদের অনুরোধে সেটি বাড়িয়ে ২১ দিন করা হয়েছে। কারণ অনেকে দেশের বাইরে থাকেন, তাদের ভিসাসহ নানা বিষয় রয়েছে। বিদেশি ইনভেস্টকারীদের দাবির প্রেক্ষিতেই মূলত এটি করা হয়েছে। এক ব্যক্তির কোম্পানির বিষয়টি যুক্ত হওয়ার ফলে বিদেশি ইনভেস্টমেন্ট বাড়বে বলে আমরা আশা করি