
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের পরিস্থিতিতে সাপ্তাহিক ছুটির দিনে মসলা জাতীয় পণ্য সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে পাইকারি ও খুচরা ৭৯টি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ভোক্তা স্বার্থবিরোধী অপরাধে ১০৪টি প্রতিষ্ঠানকে সাত লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (১৮ জুলাই) এ অভিযান পরিচালনা করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মো. জাফর উদ্দীনের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স কমিটির পরামর্শ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা এর প্রত্যক্ষ নির্দেশনায় ঢাকাসহ শনিবার সারাদেশে ৭৯টি বাজারে (পাইকারি ও খুচরা) তদারকিমূলক অভিযান পরিচালনা করে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিকমূল্যে পণ্য/ঔষধ বিক্রয় করা, মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য/ঔষধ বিক্রি করাসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ১০৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান। সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম)।