
নিউজ ডেস্কঃ নাটোরে ট্রাকভর্তি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার লাথুরিয়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুরের ফুলবাড়ি হাট থেকে শুক্রবার বিকেলে ১৬টি বড় গরু কেনেন নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার ব্যবসায়ী সিরাজুল, স্বপন মিয়া, ইসমাইল হোসেন, জিয়াউর রহমান ও আমিনুল ইসলাম। তারা গরু কিনে স্থানীয় হাট থেকে ট্রাক ভাড়া নিয়ে নোয়াখালী রওনা হন।ট্রাকটি রাত আড়াইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গ এলাকায় পাটোয়ারী পেট্রোল পাম্প থেকে তেল নেয়। এরপর এক কিলোমিটার চলে ট্রাকটি বিকল হয়ে পড়ে। তখন ট্রাক ড্রাইভার ও হেলপার গরু ব্যবসায়ীদের নেমে ট্রাকে পেছন থেকে ধাক্কা দিতে বলেন। কথামতো তারা পাঁচজন নেমে ট্রাকে ধাক্কা দিতে থাকলে অজ্ঞাত ১০/১২ জন দুর্বৃত্ত এসে তাদের এলোপাথাড়ি মারপিট শুরু করে।এ সময় ট্রাকটি গরু ব্যবসায়ীদের ফেলে পালিয়ে যায়। পরে রাতের ডিউটিতে থাকা বড়াইগ্রাম থানার এসআই সাইফুল ইসলাম পথে ৫ জনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এর মধ্যে ব্যবসায়ী আমিনুল ছাড়া বাকি চারজনের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।