
নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ২০ ভরি স্বর্ণালংকার ও ব্যবসার ১০ লাখ লুট করেছে। এ ঘটনায় হামলায় আহত হয়েছেন দুজন। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে পূবাইল মেট্রোপলিটন থানার কুদাব এলাকার হোসেন উদ্দিন পালোয়ানের (৭৫) বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। আহতরা হলেন গৃহকর্তার দুই ছেলে সজীব (৪০) ও রাকিব (৩৫)। তাদের ঢাকার এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানা গেছে, ৮-১০ জনের একটি ডাকাতদল বাড়ির সামনের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। গৃহকর্তার দুই ছেলে বাধা দিলে ছুরিকাঘাতে তাদের মারাত্মক আহত করে ডাকাতরা। বাড়ির অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির তালা খুলে ২০ ভরি স্বর্ণ ও ব্যবসার ১০ লাখ টাকা লুট করে গাড়িতে করে চলে যায় ডাকাতরা। পারিবারিক সূত্রে জানায়, ডাকাতরা মাত্র ১৫ মিনিটে ডাকাতি করে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা একটি ধারালো ছুরি ও কিছু আলামত ফেলে যায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (গাছা জোন) আহসানুল হক জানান, ডাকাতির ঘটনাটি তার জানা নেই। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।