News71.com
 Bangladesh
 18 Jul 20, 10:15 AM
 268           
 0
 18 Jul 20, 10:15 AM

অনলাইন অর্ডারে আসলের পরিবর্তে খেলনা মোবাইল॥ ২ প্রতারক আটক

অনলাইন অর্ডারে আসলের পরিবর্তে খেলনা মোবাইল॥ ২ প্রতারক আটক

নিউজ ডেস্কঃ অনলাইনে দামি মোবাইলের অর্ডার করলে খেলনা বা ডামি মোবাইল দিয়ে প্রতারণার অপরাধে দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। আটকরা হলেন- মনিরুজ্জামান (৪২) ও জান্নাতুল ফেরদৌস (২৫)। তবে সেল বিডি.কম ও বিডি এক্সপ্রেস.কম এর মালিক অনলাইনে প্রতারণার মূল হোতা আশিক বিল্লা অভিযানের আগেই পালিয়ে যান। শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর ইস্টার্ন প্লাজায় সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালানো হয়। র‍্যাব-২ (সিপিসি-১) এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. সাইফুল মালিক অভিযানে নেতৃত্ব দেন। র‍্যাব জানায়, একটি প্রতারক চক্র অনলাইনে দামি মোবাইলের লোভনীয় বিজ্ঞাপন দিতো। ক্রেতারা অর্ডার করে টাকা পাঠালে কুরিয়ার সার্ভিসে পাঠানো হতো মোবাইল ফোন। ভুক্তভোগীরা ফোনের প্যাকেট খুলে দেখতেন ডামি বা খেলনা মোবাইল। এরকম বেশ কিছু অভিযোগের ভিত্তিতে শুক্রবার ইস্টার্ন প্লাজার সপ্তম তলায় অভিযান চালানো হয়। পরে ইস্টার্ন প্লাজার পেছনের রোডে একটি বাড়িতে অভিযান চলে। র‍্যাব-২ এর কর্মকর্তা সাইফুল মালিক বলেন, আমাদের কাছে ভুক্তভোগীরা অভিযোগ করলে আমরা নিজেরাও ফোনের অর্ডার করি। আমাদেরও খেলনা বা ডামি মোবাইল পাঠানো হয়। এরপর থেকে চক্রটিকে গোয়েন্দা নজরদারিতে রাখি। কিন্তু তারা যে ঠিকানা ব্যবহার করেছে, সে ঠিকানাও ভুয়া। এরপর আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অফিস ও বাসার ঠিকানা বের করে অভিযান পরিচালনা করি। সেখান থেকে দু’জনকে আটক করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন