News71.com
 Bangladesh
 18 Jul 20, 10:13 AM
 243           
 0
 18 Jul 20, 10:13 AM

সরকারি চাকুরীর ভুয়া নিয়োগপত্র দিয়ে সম্পদের পাহাড় গড়েছেন প্রতারক খোকন॥ অবশেষে আটক  

সরকারি চাকুরীর ভুয়া নিয়োগপত্র দিয়ে সম্পদের পাহাড় গড়েছেন প্রতারক খোকন॥ অবশেষে আটক   

নিউজ ডেস্কঃ ভুয়া নিয়োগপত্রে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে যুবকদের সঙ্গে প্রতারণা করে হয়েছেন বিশাল সম্পদের মালিক। শুধু বাড়ি নির্মাণেই ব্যয় করেছেন প্রায় ৪০ লাখ টাকা। লোক ঠকিয়ে করেছেন নানান অপকর্ম। শেষ পর্যন্ত সেই প্রতারক দেলোয়ার হোসেন খোকনকে (৩০) আটক করেছে এনএসআই। শুক্রবার (১৭ জুলাই) রাত সোয়া দশটায় ওই প্রতারককে আটকের বিষয়টি নিশ্চিত করেন এনএসআই হবিগঞ্জের উপ-পরিচালক মো. আজমুল হোসেন। এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে হবিগঞ্জ ডিবি পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। খোকন মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামের আবুল হোসেনের ছেলে।


উপ-পরিচালক আজমুল হোসেন জানান, খোকনের কাছ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ক্লার্ক পদে চাকরির একটি ভুয়া নিয়োগপত্র এবং নগদ পাঁচ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করবে ডিবি পুলিশ। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্যও আবেদন করা হতে পারে। তিনি আরও জানান, বেশ কিছুদিন আগে চার লাখ টাকার বিনিময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ক্লার্ক পদে এক যুবককে চাকরি দেওয়ার প্রলোভন দেখান খোকন। তখন হাতিয়ে নেন ৩০ হাজার টাকা। বাকি টাকা দেওয়ার কথা হয় চাকরির হওয়ার পর। সেই মোতাবেক বৃহস্পতিবার রাতে চাকরিপ্রত্যাশী যুবকের এক অভিভাবককে খবর দিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন খোকন। হাতে তুলে দেন একটি ভুয়া নিয়োগপত্র। এসময় ডিবি পুলিশ ও এনএসআই’র একটি টিম সেখানে উপস্থিত হয়ে তাকে হাতেনাতে আটক করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন