
নিউজ ডেস্কঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রাফিউল আলমের (৩৪) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া জেলায় নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে দুই পুলিশ সদস্য, একজন ব্যাংক কর্মকর্তাসহ ৪০ জনের।শুক্রবার (১৭ জুলাই) দুপুরে দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত পর্যন্ত দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের রিয়াল টাইম পলিমারেস চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। ফলাফলে হাকিমপুর ইউএনও আব্দুর রাফিউল আলমসহ ৪১ জনের করোনা পজিটিভ আসে। এনিয়ে জেলায় দু’জন ইউএনও করোনা আক্রান্ত হলেন।
এর আগে ১৪ জুলাই জেলার কাহারোলের ইউএনও মনিরুল হাসান করোনা আক্রান্ত হন। সিভিল সার্জন আরও জানান, বৃহস্পতিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জেলা সদরে আট, খানসামায় একই পরিবারের সাতজনসহ আট, বিরামপুরে একজন মৃত ব্যক্তিসহ তিন, বিরলে এক, ফুলবাড়ীতে তিন, হাকিমপুরে দুই, কাহারোলে এক, পার্বতীপুরে দুই, বোচাগঞ্জে এ কও চিরিরবন্দর উপজেলার একজন আছেন। আক্রান্তদের মধ্যে হাকিমপুর থানার এক পুলিশ সদস্য ও দিনাজপুর পুলিশ লাইন্সের একজন সদস্য রয়েছেন। এছাড়াও বিরামপুর উপজেলায় ইসলামী ব্যাংক শাখার একজন কর্মকর্তা রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ১১৩ জনে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে।