
নিউজ ডেস্কঃ জাপানের আর্থিক সহায়তায় বঙ্গবন্ধু ( যমুনা ) সেতুকে রক্ষা করতেই এবার এর পাশে আলাদাভাবে ডুয়েলগেজ রেলসেতু নির্মাণ করা হবে। বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে দুই অংশকে একত্রিত করেছে। সড়কের পাশাপাশি সেতুতে রেল সংযোগও রয়েছে। তবে এই রেল সংযোগ বর্তমানে না থাকার সমতুল্য। সেতুতে ট্রেন চলে কচ্ছপ গতিতে। ইচ্ছে করলে কোনো যাত্রী দৌঁড়ে ট্রেনের আগেই সেতু পার হতে পারবেন। এর আগে কয়েকবার সেতুতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। কারণ দুষ্কৃতিকারীরা ট্রেন আউটার সিগনালিং খাঁচা ভেঙে ফেলেছে। সব মিলিয়ে বঙ্গবন্ধু বহুমুখী সেতুতে ৪.৮ কিলোমিটার রেল সংযোগ এখন এক আতঙ্কের নাম। নতুন প্রকল্পে মোট ব্যয় হবে ৯ হাজার ৭৩৪ কোটি টাকা। এ প্রকল্পে জাপানের উন্নয়ন সহযোগিতা প্রতিষ্ঠান জাইকা ৭ হাজার ৭২৪ কোটি টাকা দেবে। ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। সম্পূর্ণ স্টিল দিয়ে সেতুটি নির্মাণ করা হবে। হেলথ সার্ভিস স্ট্রেংদেনিং প্রকল্পের আওতায় জাপানে ৮ কোটি ডলারের ঋণচুক্তি অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ প্রকল্পে ঋণচুক্তি প্রসঙ্গে ইআরডি’র ঊর্ধতন এক কর্মকর্তা বলেন, চুক্তির আগে কোনো নিউজ হলে জাইকা বিষয়টা ভালোভাবে নেয় না। তারা (জাইকা) আগাম কোনো তথ্য লিক হোক এটা চায় না। তাই ঋণচুক্তির বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাবে না। তবে এটা বলতে পারি, খুব দ্রুত প্রকল্পগুলোর ঋণচুক্তি অনুষ্ঠিত হবে। আমরা এ বিষয়ে সবাই কাজ করছি। জাইকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি ।