
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও আইন মন্ত্রণালয়ের অধিনস্ত নিবন্ধন অধিদপ্তর গত একমাসে ৫২৯ কোটি ৮১ লক্ষ ৫১ হাজার ৩৩৯ টাকার রাজস্ব আদায় করেছে। গত ৩১ মে থেকে ৩০ জুন পর্যন্ত সারাদেশে সাব-রেজিস্ট্রি অফিসে ২ লাখ ৪৭ হাজার ৭৮০টি দলিল রেজিস্ট্রির মাধ্যমে এই বিপুল পরিমান রাজস্ব আদায় হয়েছে। আইন মন্ত্রণালয়ে অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুকের পাঠানো একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন পাঠানো হয় ।
প্রতিবেদনে বলা হয়, ‘দেশের করোনাকালীন সময়ে অর্থাৎ সাধারণ ছুটি পরবর্তীকালে স্বাস্থ্যবিধি মেনে গত ৩১ মে থেকে ৩০ জুন পর্যন্ত সারাদেশে সাব-রেজিস্ট্রি অফিস সমূহে ২ লাখ ৪৭ হাজার ৭৮০ টি দলিল রেজিস্ট্রি এবং ৫২৯ কোটি ৮১ লক্ষ ৫১ হাজার ৩৩৯ টাকার রাজস্ব আদায় করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ সময়ের মধ্যে ২২ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৩ জন সুস্থ হয়েছেন ও একজন কর্মচারী মৃত্যুবরণ করেছেন। এ পরিস্থিতির মধ্যেও সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীগণ নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করে রাষ্ট্রের উন্নয়ন কর্মকান্ড সচলে ভূমিকা রাখছেন ।