
নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনাকালের ঈদুল আজহাকে সামনে রেখে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ৭টি পশুর হাট বসানোর প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এর মধ্যে সাগরিকা ও বিবিরহাট গরুর বাজার ও পোস্তারপাড় ছাগলের বাজার স্থায়ী। বাকি চারটি কোরবানি উপলক্ষে ইজারা দেওয়া অস্থায়ী পশুর হাট। সূত্র জানায়, এবার অস্থায়ী নূরনগর হাউজিং কর্ণফুলী পশুর হাট দরপত্র আহ্বানের মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে ২ কোটি ৩৭৭ টাকায়। এ ছাড়া পতেঙ্গা বাটারফ্লাই পার্কের পাশে খালি মাঠের পশুর হাট ৪৫ লাখ টাকা, সল্টগোলা পশুর হাট ৪১ লাখ টাকা ও কমল মহাজন হাট ৯৬ লাখ টাকায় ইজারা হয়েছে। অন্যদিকে স্থায়ীভাবে সাগরিকা পশুর হাট ৬ কোটি ৫৬ লাখ টাকা, বিবিরহাট ১ কোটি ৭৫ লাখ টাকা ও পোস্তারপাড় ছাগলের বাজার ৭৭ লাখ ৮০ হাজার টাকায় ইজারা হয়েছে। সাগরিকা, বিবিরহাট ও পোস্তারপাড়ের স্থায়ী পশুর হাটগুলোতে নিয়মিত বেচাকেনা চললেও রোববার (১৯ জুলাই) অস্থায়ী পশুরহাটের ইজারাপ্রাপ্তদের চসিকের অনুমতিপত্র ও স্বাস্থ্যবিধির নির্দেশনাবলি দেওয়ার কথা রয়েছে।