
নিউজ ডেস্কঃ রাজবাড়ীতে আলাদা অভিযান চালিয়ে দুইটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ জাহাঙ্গীর হোসেন ও বিকাশ রাজভর নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।জাহাঙ্গীর হোসেন রাজবাড়ী জেলা সদরের কাবিলপুর এলাকার লোকমান সেখের ছেলে ও বিকাশ রাজভর ভবদিয়া এলাকার সুলাল রাজভরের ছেলে। বুধবার (১৫ জুলাই) রাতে তাদের গ্রেফতার করা হয়।রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করে। এ ব্যাপারে রাজবাড়ী থানার মামলা দায়ের করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতরা মূলত রাজবাড়ীর পদ্মা নদীতে চলাচলকারী বোলগেট জাহাজ ও বালুবাহী ট্রলার থেকে জোর করে টাকা আদায় করতো। টাকা না দিলে তাদেরকে মারপিট করতো।এদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা আছে বলেও জানান তিনি।