
নিউজ ডেস্কঃ টানা কয়েক দিনের বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার পর থেকে জেলার বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট এলাকায় যমুনার পানি বিপৎসীমার ১২৮ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) পানি মাপক গেজ পাঠক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে দেওয়ানগঞ্জ রেল স্টেশন ও রেল লাইনে পানি উঠায় দেওয়ানগঞ্জ ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। তবে তিস্তা-ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন দু’টি ইসলামপুর পর্যন্ত চলাচল অব্যাহত রাখা হয়েছে।জামালপুর রেল স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ জানান, ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জ রোডে বেশ কয়েকটি জায়গায় রেল লাইনে পানি উঠায় আপাতত ইসলামপুর পর্যন্ত রেল চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ইসলামপুর পর্যন্ত ট্রেন আসবে এবং ইসলামপুর স্টেশন থেকেই ঢাকার উদ্দেশে যাত্রা করবে।