
নিউজ ডেস্কঃ আগামী দিনে বাংলাদেশ ও মাল্টার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে উভয় দেশ। মাল্টায় নিযুক্ত বাংলাদেশের অনাবাসী হাইকমিশনার মো. জসীম উদ্দিন ও সে দেশের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব ক্রিস্টোফার কুটাজার পররাষ্ট্র দপ্তরে এক বৈঠকে এ প্রত্যাশা করেন। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বাংলাদেশ ও মাল্টার মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মাল্টার নবনিযুক্ত পররাষ্ট্র সচিবের কাছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের পাঠানো শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন।
হাইকমিশনার মো. জসিম উদ্দিন গত বছর মাল্টায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ঐতিহাসিক দ্বিপাক্ষিক সফরের কথা উল্লেখ করে বলেন, ওই সফরের মধ্য দিয়ে দু'দেশের মধ্যকার সম্পর্ক গতিময়তা লাভ করে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সফরকালে বিশেষত অর্থনৈতিক কূটনীতি প্রাধান্য পেয়েছিল, যার ফলে দু'দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার দ্বার উন্মোচনের সুযোগ সৃষ্টি হয়। তিনি কোভিড পরবর্তী অনুকূল পরিস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সফর অনুষ্ঠানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া তিনি দু’দেশের পররাষ্ট্র সচিবের মধ্যে আলাপ-আলোচনার জন্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রথম বৈঠক অনুষ্ঠানের জন্য মাল্টার পররাষ্ট্র সচিবকে অনুরোধ জানান। হাইকমিশনার মো. জসিম উদ্দিন ব্যবসায়ীদের মধ্যে অচিরেই আলোচনা শুরুর বিষয়ে গুরুত্ব আরোপ করেন।