
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের মেডিক্যাল সার্ভিসেস গঠন করতে চান। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা বাংলাদেশ পুলিশের মেডিক্যাল সার্ভিসেস গঠন করবো। এছাড়াও আমরা পুলিশের বর্তমান চিকিৎসা ব্যবস্থারও উন্নয়ন ঘটাতে চাই। মঙ্গলবার (১৪ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সে দুই দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ এসব কথা বলেন। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন। পুলিশের বর্তমান চিকিৎসা ব্যবস্থায় কোন কোন ক্ষেত্রে আধুনিকায়ন প্রয়োজন, শয্যা সংখ্যা, ইকুইপমেন্ট, অপারেশন থিয়েটারসহ অন্যান্য ক্ষেত্রে কি ধরণের পরিবর্তন এবং উন্নয়ন দরকার তা জানার জন্য পুলিশ হাসপাতালের চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট, প্যাথলজিস্ট, মেডিক্যাল অ্যাটেনডেন্ট, সমাজসেবা কর্মকর্তাদের নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। আইজিপি দু’দিনই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কর্মশালায় আইজিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের মেডিক্যাল সার্ভিসেস গঠন করতে চান। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা বাংলাদেশ পুলিশের মেডিক্যাল সার্ভিসেস গঠন করবো। এছাড়া আমরা পুলিশের বর্তমান চিকিৎসা ব্যবস্থারও উন্নয়নও ঘটাতে চাই। এজন্য আপনারা যারা পুলিশের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত, তাদের মতামত গ্রহণ করা প্রয়োজন। আপনাদের সবার মতামত নিয়ে সবাই মিলে পুলিশের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়ন করবো।