
নিউজ ডেস্কঃ রাজধানীর কমলাপুর স্টেশনের জন্য ১০০টি আধুনিক ট্রলি দিয়েছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মধুমতি ব্যাংক। আজ মঙ্গলবার (১৪ জুলাই) কমলাপুর স্টেশনে ট্রলিগুলো হস্তান্তর করা হয়। রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জুম অ্যাপসে ওই অনুষ্ঠানে যুক্ত হন। এসময় রেলপথ মন্ত্রী বলেন, রেল তার সেবা বিভিন্নভাবে বৃদ্ধি করছে। এসব ট্রলির মাধ্যমে যাত্রী সেবার মান আরও বৃদ্ধি পাবে ।
এসময় কমলাপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের এমডি মো. শফিউল আজম । এছাড়া এ উদ্বোধন কার্যক্রমে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শাসসুজ্জামান। কমলাপুর স্টেশনে ট্রলিগুলো গ্রহণ করেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সহ বিভাগীয় কর্মকর্তারা ।