
নিউজ ডেস্কঃ পাহাড়ি ঢল ও বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় দেশের ১৭ জেলার সাড়ে ১৪ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে। আর পানিবন্দি অবস্থায় রয়েছে আরও প্রায় তিন লাখ মানুষ। বন্যাদুর্গতদের জন্য সরকারের পর্যাপ্ত ত্রাণসামগ্রী প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আশ্রয়কেন্দ্রে থাকা লোকজনের জন্য রুটিসহ রান্না করা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।বন্যা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয় থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে সর্বোচ্চ ২৩টি জেলা বন্যাকবলিত হবে।‘ইতোমধ্যে ১৭টি জেলা বন্যাকবলিত হয়েছে। মোট বন্যা আক্রান্ত ইউনিয়নের সংখ্যা ৪৬৪টি। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১৪ লাখ ৫৭ হাজার ৮২৯ জন এবং মোট পানিবন্দি পরিবারের সংখ্যা ২ লাখ ৯৪ হাজার।’বন্যাকবলিত ১২টি জেলায় এক হাজার ৩৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব কেন্দ্রে ২০ হাজার ১০ জন ইতোমধ্যে আশ্রয় নিয়েছে।