
নিউজ ডেস্কঃ ক্যাসিনোকাণ্ডের আলোচিত দুই ভাই এনু-রুপমের ৯১টি অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয়গোপাল সরকারের হাত ধরে ক্যাসিনো বাণিজ্যে এসেই ২০টি বাড়ি ও ১২৮টি ফ্ল্যাটের মালিক বনে যায় আওয়ামী লীগের বহিষ্কৃত দুই নেতা।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে জয়গোপালকে গ্রেফতারের কথা জানিয়ে সিআইডি বলে, এক সপ্তাহের মধ্যেই এনু-রুপনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনের চারটি মামলায় চার্জশিট দেয়া হবে।গেল বছর সেপ্টেম্বরে হওয়া ক্যাসিনোবিরোধী অভিযানে পুরান ঢাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা দুই ভাই এনু-রুপনের অঢেল সম্পদের খোঁজ মেলে। সিআইডি বলছে, মতিঝিলের ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক স্বর্ণ ব্যবসায়ী জয়গোপাল সরকারের হাত ধরে ২০১৪ সালে জুয়া ব্যবসায় নামে ক্যাসিনো ব্রাদার নামে পরিচিত এনু-রুপন। ৯ মাস গা ঢাকা দিয়ে থাকার পর তাকে পুরান ঢাকা থেকে গ্রেফতার করেছে সিআইডি। জিজ্ঞাসাবাদে ক্যাসিনো বাণিজ্যের আরো অজানা তথ্য জানা যাবে বলে আশা করছে সংস্থাটি।