News71.com
 Bangladesh
 12 Jul 20, 09:55 PM
 202           
 0
 12 Jul 20, 09:55 PM

মুজিববর্ষে ১ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা॥

মুজিববর্ষে ১ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা॥

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ জুলাই সকাল ১১টায় গণভবনে একটি তেঁতুল ও একটি ছাতিয়ান গাছ রোপণ করার মাধ্যমে জাতির পিতার জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসেবে দেশব্যাপী শতলক্ষ (এক কোটি) গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করবেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার (১২ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গৃহীত কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ে আয়োজিত অনলাইন সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন একথা জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।বনমন্ত্রী জানান, করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃক্ষরোপণ মৌসুমে সুবিধাজনক সময়ে দেশের ৪৯২টি উপজেলার প্রতিটিতে ২০ হাজার ৩২৫টি করে গাছের চারা রোপণ করা হবে। দেশীয় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণের এ কর্মসূচির পঞ্চাশ শতাংশের বেশি থাকবে ফলজ গাছ।জাতির পিতা এদেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছিলেন জানিয়ে বনমন্ত্রী বলেন, তারই পদাঙ্ক অনুসরণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় মুজিববর্ষে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।মন্ত্রী এ কর্মসূচি সফল করার জন্য সংসদ সদস্যসহ দেশের সব পর্যায়ের জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবার সহায়তা কামনা করেন। তিনি প্রতিটি গাছ রোপণের পর নিয়মিত খোঁজ-খবর রাখা এবং যথাযথভাবে রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন