
নিউজ ডেস্কঃ কোনো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ঘুষ বা মাসোহারা চাইলে নির্ভয়ে জানাতে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।বৃহস্পতিবার (৯ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সে দেশের ৬৬০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।একসাথে দেশের সব থানার ওসিদের সঙ্গে কোন আইজিপির এ ধরনের মতবিনিময় এবারই প্রথম।দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা ব্যক্ত করে আইজিপি বলেন, বর্তমানে সরকারি বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে সুন্দরভাবে জীবন চালানো যায়। একজন সরকারি কর্মচারীর ব্যয় হতে হবে তার বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ। অবৈধ অর্থ উপার্জনের মাধ্যমে বিলাসী জীবন-যাপনের স্থান পুলিশের চাকরি নয়। দুর্নীতিবাজরা পুলিশে থাকতে পারবে না। বড়লোক হতে চাইলে তারা পুলিশের চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করুক।ওসিদের উদ্দেশে আইজিপি বলেন, আপনারা নিজে অবৈধ উপায়ে কোন অর্থ উপার্জন করবেন না, অন্য কাউকে অবৈধভাবে অর্থ উপার্জনের সুযোগও করে দেবেন না। কোনো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাও আপনাদের কাছে ঘুষ বা মাসোহারা চাইলে তা আমাকে নির্ভয়ে জানান। আমি ওই পুলিশ কর্মকর্তার বিষয়টি ব্যক্তিগতভাবে দেখব।