
নিউজ ডেস্কঃ করোনার প্রার্দুভাব মোকাবিলায় পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান গরিব-অসহায় রোগীদের চিকিৎসার জন্য এবার দুই সেট হাই ফ্লো অক্সিজেন দিয়েছেন। সুফি মিজান ফাউন্ডেশনের পক্ষ থেকে ডা. তৌহিদুর রহমান বুধবার (৮ জুলাই) দুপুরে ফৌজদারহাট বিআইটিআইডির পরিচালক প্রফেসর ডা. এমএ হাসান চৌধুরীর কাছে চিকিৎসা উপকরণগুলো হস্তান্তর করেন। জটিল করোনা রোগীদের চিকিৎসায় এখন সবচেয়ে কার্যকর চিকিৎসা পদ্ধতি হচ্ছে অক্সিজেন থেরাপি। সিলিন্ডার দিয়ে একজন রোগীকে সর্বোচ্চ ১৫ লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া যায়, কিন্তু হাই ফ্লো অক্সিজেন দিয়ে তীব্র কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের ৬০-৭০ লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া সম্ভব। সুফি মিজান ফাউন্ডেশনের উদ্যোগে এ আন্তরিক প্রচেষ্টার জন্য হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. এমএ হাসান চৌধুরী পিএইচপি পরিবারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কোভিড ডেডিকেটেড এই হাসপাতালে হাই ফ্লো অক্সিজেনের অভাব ছিলো। পিএইচপি পরিবার তা পূরণ করে দিলো। তিনি পিএইচপি পরিবারের প্রশংসা করে বলেন, দুই সেট হাই ফ্লো অক্সিজেন থেরাপি মেশিনের সঙ্গে সব কিছুই এখানে নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রামের হাসপাতালগুলোতে পিএইচপি পরিবারের অনেক অনুদান রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শামীম হাসান, বিএমএ’র সভাপতি ডা. মুজিবুল হক খান, বিএমএ’র ডা. রবিউল করিম প্রমুখ।