
নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ৭ জুলাই থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই নির্দেশনা চলবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত। সোমবার (৬ জুলাই) বেবিচক সূত্র জানিয়েছে, সর্বশেষ নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ পড়েছে মালয়েশিয়া, শ্রীলংকা ও তুরস্কের নাম। অর্থাৎ এই ৩ দেশের ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারবে।এ বিষয়ে বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন এম জিয়াউল কবির স্বাক্ষরিত এক সার্কুলারে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাব এড়াতে ৭ জুলাই থেকে (৬ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিট) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালদ্বীপ, নেপাল, ওমান, সৌদি আরব, সিঙ্গাপুর, থাইল্যান্ডের আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী পরিবহনের (কমার্সিয়াল প্যাসেঞ্জার ফ্লাইট) ফ্লাইটগুলো বাংলাদেশের কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারবে না। তবে দেশগুলো থেকে কার্গো, বিশেষ ফ্লাইট ও এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করতে পারবে।ফ্লাইট চলাচলের বিষয়ে ১৮ জুন বেবিচকের জারি করা সর্বশেষ সার্কুলারে নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলোর মধ্যে মালয়েশিয়া, শ্রীলংকা ও তুরস্কের নাম ছিল। তবে সম্প্রতি নিষেধাজ্ঞা শিথিল করে এই দেশগুলোর এয়ারলাইন্সকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।