
নিউজ ডেস্কঃ বিলম্ব ফি ছাড়া বিদ্যুৎ বিল পরিশোধের সময় ৩০ জুনের পর আর বাড়ছে না বলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানালেও মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন, এ সময় বাড়ছে।রোববার (৫ জুলাই) অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত বিতরণ কোম্পানিগুলোর প্রতিবেদন নিয়ে অনলাইন সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগের সচিব সুলতান আহমেদ বিষয়টি জানান।গ্রাহকের অতিরিক্ত বিল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোমধ্যে আমরা যে অভিযোগ পেয়েছি সেই অভিযোগের ভিত্তিতে বিলগুলো সমন্বয়ের জন্য একটু সময় লাগছে। গ্রাহকদের মধ্যে একটা সংশয় আছে যে বিলটি আমি দেব কী দেব না? এতেও কিছু সময় চলে গেছে। এটা আমরা বিবেচনা করছি।তিনি আরও বলেন, বিইআরসির (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) সঙ্গে আমরা কথা বলেছি। বিইআরসি একটি ইতিবাচক মতামত দিয়েছে। আমাদের একটা প্রসেস আছে, সেই প্রসেসটা ফলো করে আরও কিছু সময় বাড়ানোর চিন্তা করছি। আশা করছি, এটা গ্রাহকদের জন্য খুবই সহজ হবে। আমরা একটা সময় তাদের দেব। প্রসঙ্গত, ১০ জুন অনলাইন সংবাদ সম্মেলনে নসরুল হামিদ বলেছিলেন, বিল বকেয়া রাখার যে সুযোগ দেয়া হয়েছিল, তার মেয়াদ আর বাড়বে না। কারণ ইতোমধ্যে কোম্পানিগুলোর প্রচুর বকেয়া পড়ে গেছে। গত তিন মাসে গড়ে ১০ শতাংশ বিলও আসেনি।