
নিউজ ডেস্কঃ নেত্রকোনার মদনে মগড়া নদীতে ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ট্রলার থেকে পড়ে আমিনুর (২৮) নামে ট্রলারচালক নিখোঁজ রয়েছেন।রোববার (৫ জুলাই) সকালে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর কালীবাড়ি এ ঘটনা ঘটেছে। আমিনুর মদন পৌরসদরের মনোহরপু গ্রামের মৃত শফর উদ্দিনের ছেলে।তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইউপি সদস্য মো. সোহেল চৌধুরী ও তার স্বজন শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আমিনুর তার নিজের ট্রলার দিয়ে বালু পরিবহন করতেন। ভোরে বালু আনতে মনোহরপুর থেকে ফতেপুরের উদ্দেশে রওনা হন তিনি।যাওয়ার পথে মগড়া নদীর ওপর নির্মিত দৌলতপুর কালীবাড়ি সেতুতে পৌঁছালে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ট্রলার থেকে আমিনুর নদীতে পড়ে যান। স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় মদন ফায়ার স্টেশনে খবর দেয়।