News71.com
 Bangladesh
 01 Jul 20, 09:40 PM
 230           
 0
 01 Jul 20, 09:40 PM

জঙ্গিবাদ দমনে বাহিনীর সফলতা ধরে রাখতে হবে॥র‍্যাব ডিজি

জঙ্গিবাদ দমনে বাহিনীর সফলতা ধরে রাখতে হবে॥র‍্যাব ডিজি

নিউজ ডেস্কঃ দেশে জঙ্গিবাদ যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহা-পরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘আমরা কিন্তু আত্মতুষ্টিতে ভুগছি না। জঙ্গিবাদ দমনের যে সফলতা অর্জন করেছি, সেই সফলতা ধরে রাখতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট কাজ করছে।’ ‘হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলার চার বছর পালনে’ বুধবার (০১ জুলাই) সকাল ৯টার দিকে ঘটনাস্থলে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন র‌্যাব ডিজি। ২০১৬ সালের (০১ জুলাই) এ দিনে পাঁচ অস্ত্রধারী জঙ্গি রাজধানীর গুলশানে অবস্থিত হলি আর্টিজান বেকারিতে হামলা করে। সেখানে অবস্থানরত দেশি-বিদেশি ব্যক্তিদের জিম্মি করে। পরে তাদের মধ্যে ২০ জনকে নির্মমভাবে হত্যা করে জঙ্গি সদস্যরা। এদের মধ্যে তিনজন বাংলাদেশি, সাতজন জাপানি, নয়জন ইতালিয়ান এবং একজন ভারতীয় নাগরিক ছিলেন।


জঙ্গি সংগঠনগুলোর সক্ষমতা কেমন? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, ‘জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারাবিশ্ব জঙ্গিবাদ মোকাবিলায় কাজ করছে। আমরাও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চেষ্টা চালিয়ে জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়েছি। আমি মনে করি জঙ্গিবিরোধী কার্যক্রম সফলভাবে আমরা বাস্তবায়ন করতে পেরেছি এবং এই সফলতার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা আশা করছি।’ র‌্যাব ডিজি বলেন, ‘হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনার আগ থেকেই র‌্যাব দেশের জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। এখন পর্যন্ত আমরা দুই হাজারেরও অধিক জঙ্গি সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ ঘটনার পর আমরা অভিযান চালিয়ে এক হাজারেরও অধিক জঙ্গি সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বর্তমান পরিস্থিতিতেও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সদস্যদের গ্রেফতার করছে র‌্যাব।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন