
নিউজ ডেস্কঃ নতুন করে করোনা সংক্রমণ রোধে বাংলাদেশের নাগরিকদের ভিসা বন্ধ করে দিয়েছে দক্ষিণ কোরিয়া। এ সিদ্ধান্তের কারণে অনেক প্রবাসী দেশে আটকা পড়েছেন। এতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। তবে এটিকে সাময়িক সিদ্ধান্ত বলছে সিউলের বাংলাদেশ দূতাবাস।মাঝে করোনার দাপট কিছুটা কমলেও আবারো নতুন করে সংক্রমিত হচ্ছে দক্ষিণ কোরিয়া। সিউলের পাশাপাশি অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে কোভিড নাইন্টিন। নতুন করে আক্রান্তদের অর্ধেকই বাইরের দেশ থেকে আসা নাগরিকদের মাধ্যমে ছড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নতুন আক্রান্তদের বেশিরভাগই বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সংক্রমণ রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গেলো মাসে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ভিসা ও ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেয় দক্ষিণ কোরিয়া। এ অবস্থায় দেশে আসা অনেকেই আটকা পড়েছেন। উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা।প্রবাসী সাংবাদিক ওমর ফারুক হিমেল জানান, সাম্প্রতিক সময় যে চার্টাড বিমানটি দক্ষিণ কোরিয়া আসে, সেটিতে করোনা রোগী পাওয়া যায়। সে বিষয়টি দক্ষিণ কোরিয়ার ইংরেজি এবং কোরিয়ার গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে।