
নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রকে সেদেশের আইএফডিসি ফান্ডের (IDFC) আওতায় বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিযোগের আহবান জানান। সোমবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর সঙ্গে ফোনালাপে এ আহবান জানান তিনি।বাংলাদেশ বিনিয়োগের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে চায় উল্লেখ করে ড. মোমেন বাংলাদেশের অর্থনৈতিক জোনে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগেরও অনুরোধ করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের হাইটেক পার্ক, তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল এবং বিপুল সংখ্যক শ্রমিকের সহজ লভ্যতার কারণে এই দেশে বিনিয়োগ যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হবে।ড. মোমেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক খাতে দুই বছর শুল্কমুক্ত সুবিধা প্রদানের জন্য অনুরোধ করেন।
তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করায় এই খাতে কর্মরত শ্রমিকরা অনিশ্চয়তার মধ্যে পড়েছে যার অধিকাংশই নারী।মাইক পম্পেও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের সাহায্যের জন্য ৪৩ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। তিনি করোনা মাহামারি মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন।মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র আরও দৃঢ় ভূমিকা রাখার অনুরোধ করেন ড. মোমেন। তিনি বলেন, রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নেয়ার বিষয়ে চুক্তির বাস্তবায়নে মিয়ানমার সময়ক্ষেপণ করছে। সম্প্রতি রাখাইন প্রদেশে মিয়ানমারের সামরিক অভিযানের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন।