
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ফুলপুর থেকে কাজী সালেহ আহাম্মেদ ওসমানী মাসা (৩৬) নামে মানবপাচার চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।রোববার সকালে (২৮ জুন) এ তথ্য জানান ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান।বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে ভিয়েতনামে পাচারের শিকার চার ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে শনিবার (২৭ জুন) রাতে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, দালাল চক্রের মাধ্যমে উচ্চ বেতনের চাকরি দেয়ার নামে ময়মনসিংহের ফুলপুর উপজেলার চর আসাবট গ্রামের মোকছেদুল ইসলাম (২৮), পারতলা গ্রামের মো. আকরাম হোসাইন (৩৩), বক্তারপুর গ্রামের মোরসালিন মিয়া (২২) ও দ্বারাকপুর গ্রামের মো. এরশাদ আলী (২০) ভিয়েতনাম যান। ভিয়েতনামে গিয়ে বুঝতে পারেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন। ৫ মাস যাবৎ খেয়ে না খেয়ে মানবেতর জীবন-যাপন করছেন তারা।উচ্চ বেতনের চাকরির প্রলোভনে চারজনের কাছ থেকে সর্বমোট ১৪ লাখ ৪০ হাজার টাকা নিয়ে ভিয়েতনাম পাঠায় মানবপাচার চক্রের সদস্যরা।