
নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণে ফেনীতে আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের নিজ উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে শহরের একটি কনভেনশন হলে বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদসহ প্রমুখ।
তারা জানান, বিনামূল্যে অক্সিজেন সেবার জন্য একটি কুইক কন্ট্রোলরুম খোলা হয়েছে। সেখানের ০১৮৪২-৯৮৩২৬১ এ নম্বরে ফোন করলে ফেনী জেলার যেকোনো প্রান্তে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন সেবা। পাশাপাশি প্রত্যেক উপজেলাতে একটি টিম থাকবে যারা আক্রান্ত মুমূর্ষু রোগীদের বাড়িতে বিনামূল্যে অক্সিজেন সেট করে দিয়ে আসবেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, প্রথম অবস্থায় ১০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেবাটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হবে। তবে সেবা গ্রহণ করতে হলে অবশ্যই রোগীকে চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে।