
নিউজ ডেস্কঃ জুলাই মাসের মধ্যে বাংলাদেশ থেকে সরাসরি ভারতের ত্রিপুরায় জাহাজ চলাচল করবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার (২৫ জুন) রাজ্যের সিপাহীজলা জেলার অন্তর্গত জাম্পুইজলা এলাকায় নবনির্মিত একটি সরকারি অফিস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান ভারত ও বাংলাদেশ সরকারের, বিশেষ করে উভয় দেশের প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারণে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে সরাসরি নৌ-পরিবহনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গোমতী নদী দিয়ে সরাসরি বাংলাদেশের দাউদকান্দি হয়ে ছোট ছোট জাহাজ ও নৌকা চলাচল করবে। এই নৌপরিবহন যাতে খুব দ্রুত চালু করা যায় এ জন্য সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর এলাকায় গোমতী নদীতে অস্থায়ী জেটি নির্মাণের কাজ চলছে। ‘আগামী ১৫ দিনের মধ্যে ভাসমান এই অস্থায়ী জেটির নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। এরপর জেটি থেকে মূল রাস্তা পর্যন্ত সংযোগকারী রাস্তা ও আনুষঙ্গিক আর কিছু নির্মাণ কাজ শেষ হলেই সরাসরি নৌ পরিবহন শুরু হয়ে যাবে। এর জন্য খুব দ্রুত গতিতে সব কাজ এগিয়ে চলছে। জুলাই মাসের মধ্যে বাংলাদেশ থেকে সরাসরি ত্রিপুরা রাজ্যে জাহাজ চলাচল করবে বলে আশা করছি।’