
নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআনি গ্রামে দুই সন্তানের জননী নাসরিন বেগম (২৯) হত্যাকাণ্ডের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে প্রধান আসামি স্বামীসহ আরও ছয় জন পলাতক রয়েছে।বুধবার (২৪ জুন) গজারিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মামুন আল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, এ ঘটনায় মঙ্গলবার গৃহবধূর ভাই হোসেন বাদী হয়ে ১০ জনকে আসামি করে গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। নাসরিনের দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এ ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন: নাসরিনের ননাসের জামাই আলমগীর হোসেন (৫৫), নাসরিনের জামাইয়ের ভাগ্নে সাফায়েতউল্লাহ (৩২), জামাইয়ের বড় বোন (ননাস) শাহিনা আলম (৪২) ও জামাইয়ের আরেক বড় বোন সাথিয়া বেগম (৫০)। তবে প্রধান আসামি স্বামী হেদায়েত উল্লাহ ও নাসরিনের প্রেমিক জিসান পলাতক রয়েছে।পুলিশ কর্মকর্তা মামুন আল রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জিসান নামের একটি ছেলের সাথে তার পরকীয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।