News71.com
 Bangladesh
 23 Jun 20, 01:44 PM
 325           
 0
 23 Jun 20, 01:44 PM

ভবিষ্যতের ভাষা হবে প্রোগ্রামিং॥আইসিটি প্রতিমন্ত্রী পলক

ভবিষ্যতের ভাষা হবে প্রোগ্রামিং॥আইসিটি প্রতিমন্ত্রী পলক

নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ভবিষ্যতের ভাষা হবে প্রোগ্রামিং। যন্ত্রের সঙ্গে মানুষ এমনকি যন্ত্রের সঙ্গে যন্ত্রের যোগাযোগের মাধ্যমও হবে এটি।সোমবার (২২ জুন) জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২০ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এক অনলাইন সভার মাধ্যমে আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সম্পূর্ণটা হবে মেধা নির্ভর।আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), রোবটিকস, ব্লকচেইন, বিগ ডাটার ন্যায় নতুন নতুন প্রযুক্তি পৃথিবীকে দ্রুত বদলে দিচ্ছে। এজন্য প্রোগ্রামিং শেখার বিকল্প নেই। এজন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষার অনলাইন প্লাটফর্ম ই-শিক্ষা.নেট ব্যবহারে সকলের প্রতি আমি আহ্বান জানাই।

অংক, ইংরেজি ও বিজ্ঞানের সঙ্গে প্রতিটি শিশু-কিশোরকে প্রোগ্রামিং শেখানোর প্রতি গুরুত্বারোপ করেন পলক। একইসঙ্গে বর্তমান পৃথিবী পরিচালনায় প্রোগ্রামারদের ভূমিকার কথা উল্লেখ করে পলক বলেন, ভবিষ্যতে তারাই বিশ্বকে নেতৃত্ব দেবে। আর এজন্য শিগগির স্কুল পর্যায়ে আরও সাড়ে পাঁচ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে। আইসিটি উপদেষ্টার পরামর্শে আমরা ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করতে পেরেছি। শৈশব ও কৈশোর থেকেই যেন শিক্ষার্থীরা প্রোগ্রামিং জানতে পারে এজন্য ইতোমধ্যেই আট হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব গড়ে তোলা সম্ভব হয়েছে।বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনলাইন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, অধ্যাপক জাফর ইকবাল, কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল রহমান, ঢাকা বিশ্ববিদ্যলয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপিকা লাফিফা জামাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন