
নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তর ভৈরব সার্কেল অফিসে আগুন দেয়ার ঘটনায় আপন দুই ভাইসহ মোট চার জনকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। সর্বশেষ গতকাল শনিবার সন্ধায় পুকুরপাড় গ্রাম থেকে জীবন মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- আমলা পাড়া গ্রামের মৃত আক্কা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন, মহর আলীর ছেলে দীন ইসলাম ও জজ মিয়ার দুই ছেলে মোস্তাক এবং জীবন মিয়া। তারা সবাই কিশোরগঞ্জ জেল হাজতে রয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা মো. আমজাদ শেখ বলেন, মোস্তাককে গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করলে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় আদালতে সে সহ তার ভাই জীবন ও জীবনের বন্ধু দীন ইসলাম আবগারী অফিসে আগুন দেয়ার ঘটনায় জড়িত বলে জবানবন্দি দেয়। এর পর থেকে আমরা বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে একে একে সাদ্দাম, মোস্তাক, দীন ইসলাম ও জীবন নামে মোট চার জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করি। মোস্তাক ও জীবন ওরা আমলাপাড়া গ্রামের জজ মিয়ার ছেলে আপন দুই ভাই।