News71.com
 Bangladesh
 20 Jun 20, 09:56 PM
 224           
 0
 20 Jun 20, 09:56 PM

প্রথমবারের মতো শান্তিরক্ষা মিশনে ৩টি হেলিকপ্টার পাঠালো বাংলাদেশ বিমান বাহিনী॥  

প্রথমবারের মতো শান্তিরক্ষা মিশনে ৩টি হেলিকপ্টার পাঠালো বাংলাদেশ বিমান বাহিনী॥   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিমান বাহিনী প্রথমবারের মতো মধ্য আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কন্টিনজেন্টের জন্য নাইটভিশন প্রযুক্তি সম্পন্ন তিনটি আর্মড ভার্শন এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার প্রেরণ করেছে। এসব অত্যাধুনিক প্রযুক্তির হেলিকপ্টার, যন্ত্রপাতি ও ২ জন বিমানসেনা নিয়ে জাতিসংঘ কর্তৃক ভাড়াকৃত বিমান আন্তনভ-১২৪ শনিবার সকাল ৫টা ৩৩ মিনিটে বাঙ্গুই, মধ্য আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে । আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ মে বাংলাদেশ বিমান বাহিনীর ১২৩ জন সদস্যের একটি কন্টিনজেন্টকে জাতিসংঘ কর্তৃক ভাড়াকৃত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের মাধ্যমে মিশন অঞ্চলে মোতায়েন করা হয়েছিল।উল্লেখ্য যে, বাংলাদেশ জাতিসংঘের প্রথম সদস্য দেশ হিসেবে স্বল্প সময়ের মধ্যে র‌্যাপিড ডেভেলপমেন্ট লেভেল (আরডিএল) এর আওতায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কন্টিনজেন্ট প্রেরণ করেছে।

বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে আসছে। বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকার পরও বাংলাদেশ বিমান বাহিনী মধ্য আফ্রিকান রিপাবলিকে কন্টিনজেন্ট প্রেরণ করেছিল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী তিনটি অত্যাধুনিক নাইটভিশন প্রযুক্তি সম্পন্ন এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার ও যন্ত্রপাতি মধ্য আফ্রিকান রিপাবলিকে প্রেরণ করে। উক্ত হেলিকপ্টারগুলো মধ্য আফ্রিকান রিপাবলিকে অবস্থিত বাংলাদেশ মিডিয়াম আর্মড মিলিটারি হেলিকপ্টার ইউনিটে যুক্ত হবে। উন্নত প্রযুক্তি ও দক্ষ জনশক্তি নিয়ে উক্ত হেলিকপ্টার ইউনিট মধ্য আফ্রিকান রিপাবলিকের সংকট নিরসনের জন্য আরও কার্যকর ভূমিকা রাখবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন