
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ভারত থেকে পাথরের পাঁচটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করার মাধ্যমে দীর্ঘ ৩ মাস পর আবারও সচল হলো এই স্থলবন্দর। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১৫ মার্চ ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে পাথর আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয় ।
দীর্ঘ ৩ মাস পর দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) থেকে আবার পুনরায় পাথর আমদানি শুরু করা হয়। প্রথম দিনে শুধু ৫টি পাথরের ট্রাক বাংলাদেশে আসে। তবে শনিবার থেকে পুরোদমে স্বাস্থ্যবিধি মেনে পাথরের ট্রাক আসবে বলে জানিয়েছেন আমদানি-রফতানিকারকরা। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আ স ম জমশেদ খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজকেই পুনরায় আমদানি-রফতানির আদেশ হয় এবং আজ থেকেই পুনরায় বন্দরের কাজ শুরু হয় ।