
নিউজ ডেস্কঃ মাদারীপুরে পারিবারিক কলহের জেরে ফারজানা আক্তার (২০) এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী এছাহাক শেখকে (২৫) আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন বিকেলে শহরের সৈদারবালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারজানা ময়মনসিংহের ফয়জুর রহমান মেয়ে ও ফরিদপুরের সালতার এছাহাক শেখের স্ত্রী। ফারজানা ও তার স্বামী শহরের হায়দার কাজী জুট মিলের শ্রমিক এবং ফারজানার বাবা মাদারীপুর শহরের ভাড়ায় রিক্সা চালান।পুলিশ ও স্থানীয়রা জানায়, ৫ বছর আগে বিয়ে হয় ফারজানা ও এছাহাকের। বিয়ের পরে পারিবারিক কলহ বেড়ে যাওয়ায় ওই গৃহবধূ স্বামীর সংসার ছেড়ে পুত্র সন্তানকে নিয়ে তার বাবার সাথে শহরের সৈয়দারবাড়ি এলাকায় একটি বাসায় ভাড়া থাকত। শনিবার গৃহবধূর বাবা পারিবারিক কাজে ময়মনসিংহ চলে যায়। এ খবর জানতে পেরে তার স্বামী বুধবার রাতে ফারজানার ঘরে ঢুকে। পরে বৃহস্পতিবার দুপুরে ঘরে তালা মেরে এছাহাক চলে যেতে চায়। বিষয়টি আশপাশের লোকজনের সন্দেহ হলে ঘরের ভেতর প্রবেশ করে ফারজানাকে খাটের উপরে পড়ে থাকতে দেখে। পরে তার স্বামী এছাহাককে আটক করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।খবর পেয়ে পুলিশ গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।