
নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যে বন্ধ হচ্ছে না নিম্ন আয়ের পরিবারের বিদ্যালয় পড়ুয়া শিশুদের বিনামূল্য খাবার দেয়ার প্রকল্প 'ফ্রি স্কুল মিল'। সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মার্কাস রাশফোর্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা চিঠি ঝড় তোলার পড়েই নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির সরকার। শিশুদের খরচ দেয়ার জন্য গঠন করা হয়েছে কোভিড স্কুল ফান্ড। এমন মানবিক সিদ্ধান্ত নেয়ায় জনসনকে ধন্যবাদ দিয়েছেন রাশফোর্ড।করোনা মহামারিতে বন্ধ যুক্তরাজ্যের স্কুল, কলেজ। অনেকেই হারিয়েছেন চাকরি। তিন বেলা খাবার জোটাতেই হিমশিম খেতে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। দুর্দিনে বিদ্যালয় পড়ুয়া শিশুদের অন্তত একবেলা খাবার জুটতো ব্রিটিশ সরকারের ফ্রি স্কুল মিল প্রকল্প থেকে। এতে করে ১৩ লাখ শিশু বিনামূল্য পেতো এক বেলা খাবার সুবিধা।
কিন্তু হঠাৎই বিনা মেঘে বজ্রপাতের মত এলো খবর। করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ জনসন সরকার বন্ধ করে দিতে চায় বিনামূল্য খাবার দেয়ার কার্যক্রম।দুঃসময়ে পাশে এসে দাঁড়ালেন ইংল্যান্ড জাতীয় দল ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। সিদ্ধান্ত নিলেন কিছু একটা করার।সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন আবেগঘন এক চিঠি। তুলে ধরেন নিজের জীবনে নানা বাঁধা পেরোনোর গল্প। ফ্রি স্কুল মিল না থাকলে তার ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ সম্ভব হতো না বলেও চিঠিতে তুলে ধরেন এই স্ট্রাইকার।সারা দিন মাঠে ফুটবল নিয়ে পড়ে থাকা রাশফোর্ডও ছোটবেলায় অপেক্ষা থাকতেন বিনামূল্যে একবেলা খাবারের জন্য। নিজের বেড়ে ওঠার জন্য এ সহায়তা অনেক ভূমিকা রেখেছিলো বলেও চিঠিতে জানিয়েছিলেন এই তারকা। রাজনীতির সঙ্গে মানবিকতাকে না মেলানোর জন্য সরকারের কাছে অনুরোধ করেন রাশফোর্ড।