News71.com
 Bangladesh
 15 Jun 20, 09:37 PM
 304           
 0
 15 Jun 20, 09:37 PM

রূপগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত।।

রূপগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবহনে ডাকাতির সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের দুই জনকে আটক করেছে পুলিশ।রোববার (১৪ জুন) দিনগত রাত সাড়ে ৩টায় উপজেলার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।এফ ডিএক্স টেক্সটাইল মিলের সামনে থেকে তাদেরকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িসহ আটক করা হয়।নিহতের নাম রিপন (২৮)। সে তারাব এলাকার বাসিন্দা। এছাড়া আটককৃতরা হলো- একই উপজেলার বরপা শান্তিনগর এলাকার হৃদয় (২০) এবং সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ এলাকার মোশাররফ (২১)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মাহমুদুল হাসান জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বরপা এলাকায় এফ.ডি.এক্স টেক্সটাইল মিলের সামনের সড়কে পরিবহনে ডাকাতির বিষয়টি আঁচ করতে পেরে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় ডাকাতদল তাদের নিজস্ব গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া করে।এ সময় পুলিশের ধাওয়া ও চিৎকার শুনে এলাকাবাসী বেরিয়ে এসে এক ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। গণপিটুনির শিকার ডাকাতকে পুলিশ রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় আরো দুই ডাকাতকে পুলিশ আটক করেছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহার করা গাড়িটি পুলিশ জব্দ করে।ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য সদরের ১শ' শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তাদের আদালতে পাঠানোসহ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন